Posted in

গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

পথ চেয়ে যে কেটে গেল

পথ চেয়ে যে কেটে গেল
কত দিনে রাতে।
আজ          ধুলার আসন ধন্য করে
বসবে কি মোর সাথে।
রচবে তোমার মুখের ছায়া
চোখের জলে মধুর মায়া,
নীরব হয়ে তোমার পানে
চাইব গো জোড় হাতে।
এরা সবাই কী বলে যে
লাগে না মন আর,
আমার হৃদয় ভেঙে দিল
কী মাধুরীর ভার।
বাহুর ঘেরে তুমি মোরে
রাখবে না কি আড়াল করে,
তোমার আঁখি চাইবে না কি
আমার বেদনাতে।

সুরুল, ৯ ভাদ্র, ১৩২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *